দুই জেলায় বজ্রপাত ও দেয়ালধসে নিহত ৮
সাতক্ষীরায় গতকাল শনিবার বজ্রপাতে পাঁচজন ও দেয়ালধসে একজন নিহত হয়েছেন। এ সময় ১০ জন মাটি কাটা শ্রমিক আহত হয়েছেন। একই দিনে বাগেরহাটে দেয়ালধসে ও বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চারকুনি গ্রামের দাড়ারখালে গতকাল মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। সকাল সাড়ে নয়টার দিকে ওই স্থানে ব্রজপাত হয়। এতে দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের মাটি কাটা শ্রমিক নাজমুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ সময় ১০ জন আহত হন। তাঁরা হলেন: চালতেতলা গ্রামের আবদুল্লাহ মোড়ল (৩৫), আশরাফুল ইসলাম (৩৮), আনারুল ইসলাম (৫০), ইয়াসিন আলী (৪২); নাজিরের ঘের গ্রামের সাইফুল ইসলাম (২৫), বিল্লাল হোসেন (২৫), ফরিদা আক্তার (৩২); নোড়ার চারকুনি গ্রামের ইবাদুল ইসলাম (৩৫), ইদ্রিস আলী (৪৫) এবং আদুলপোতা গ্রামের দুলালী মিস্ত্রি (৩২)।একই সময় একই গ্রামের একটি ঘরের মাটির দেয়াল ভেঙে চাপা পড়ে নোড়ার চারকুনি গ্রামের ফরিদা পারভিন নিহত হন। একই উপজেলার নাজিরের ঘের গ্রামের ঠাকুর দাসী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন। ঝড় ও বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় ব্রজপাতে আশাশুনি উপজেলার বেউল্যা গ্রামের রণজিতা খাতুন নিহত হন। এ সময় তালা উপজেলার চমরখালী গ্রামের কৃষক জব্বার মোড়ল (৪৫) ব্রজপাতে নিহত হন। এ ছাড়া বজ্রপাতে মারা গেছেন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আবদুল হান্নান। তিনি ঝড়ের সময় সাইকেলে করে ফেরার পথে বাড়ির সামনে বজ্রপাতে নিহত হন। বাগেরহাট শহরের বিসিক শিল্পনগর এলাকায় গতকাল সকালে বৃষ্টির সময় দেয়ালধসে একজন এবং ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কাঁঠালিডাঙ্গা গ্রামে বজ্রপাতে একজন নিহত হন। তাঁরা হলেন: বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের কালাম হাওলাদার (৫২) ও কাঁঠালিডাঙ্গা গ্রামের সেলিম তালুকদার (২৮)। সকাল ১০টার দিকে বৃষ্টির সময় কালাম হাওলাদার তাঁর দোকান থেকে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনের পাশে গেলে দেয়ালধসে নিহত হন। একই সময় নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন সেলিম তালুকদার।