দুই জেলায় বজ্রপাতে চারজনের প্রাণহানি
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় গতকাল শনিবার বজ্রপাতে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। একই দিন বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে আরও একজনের প্রাণহানি হয়েছে৷
বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন: জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের হাসেম আলীর ছেলে সাদেক আলী (২২), কুশোডাঙ্গার আলী কদরের ছেলে সাইদুর রহমান (২৩), দামুড়হুদা উপজেলার নাস্তিপুরের শওকত আলীর ছেলে মান্দার আলী (৩৫) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আকরাম শেখ (৪৫)৷ মান্দার আলীর দুটি হালের বলদও বজ্রপাতে মারা গেছে।
আহত ব্যক্তিরা হলেন: দামুড়হুদা উপজেলার চণ্ডীপুরের মজনু মিয়া (৪০), শ্যামপুরের স্কুলছাত্রী নাফিজা আক্তার (১২), জীবননগর উপজেলার তেঁতুলিয়ার নুরুল ইসলাম (২৫), বশির আহমেদ (২৪), গোপালনগরের শহিদুল ইসলাম (৪৫), যাদবপুরের ফজলুল হক (৪৫), খয়েরহুদার বানু বেগম (৩৫), রিনা খাতুন (৩০), আঁশতলা পাড়ার মাজদার আলী (৫০), তাঁর স্ত্রী সালমা বেগম (৪৫) এবং মহেশপুরের শ্যামকুড় গ্রামের লোকমান হোসেন (৬৫), বাহাদুর আলী (৩০), মনিরা বেগম (৩৫) ও রাশেদা খাতুন (১৫)। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং ১২ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দর্শনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় কৃষক মান্দার আলী, সালমা বেগম, বানু বেগম, রিনা খাতুন, মনিরা বেগম, রাশেদা খাতুন ও স্কুলছাত্রী নাফিজা আক্তার বাড়িতে এবং অন্যরা মাঠে কাজ করছিলেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান বজ্রপাতে চারজনের প্রাণহানি ও ১৪ জনের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক আকরাম শেখ মারা গেছেন। তিনি চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সাখাওয়াত শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, গতকাল দুপুর ১২টার দিকে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আকরাম শেখ মারা যান। পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।