দুই জেলায় বজ্রপাতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বজ্রপাতে মোহাম্মদ শাহজাহান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নীলফামারীতে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন রশিদুল ইসলাম (২৮) ও লুত্ফর রহমান (৩৫)।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, ইছানগর এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হন শাহজাহান। তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

শাহজাহান ইছানগর এলাকায় একটি শুঁটকিপল্লিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত শাহজাহান কক্সবাজারের মহেশখালী উপজেলার বশর আলীর ছেলে।

নীলফামারী: গতকাল দুপুর ১২টার দিকে জেলা শহরের মধ্য হাড়োয়া হাজিপাড়ার মাঠে ঘাস কাটার সময় রশিদুল ইসলাম ও ডিমলা উপজেলার লুত্ফর রহমান বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মারা গেছেন।

একই সময়ে বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় জেলা শহরের কলেজ স্টেশনপাড়ার গৃহবধূ হালিমা বেগম (৩০), গোড়গ্রাম ইউনিয়নের কির্তনীয়াপাড়ার সেচপাম্পের ঘরে হজরত আলী (১৭) ও ডিমলা উপজেলার ছাতুনামা চরের জাহাঙ্গীর আলম (২০) আহত হন।

তাঁদের নীলফামারী সদর আধুনিক হাসপাতাল ও ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বজ্রপাতে দুজন হতাহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ও ডিমলা থানার ওসি শওকত আলী।

কালবৈশাখীতে ঘরবাড়ি বিধ্বস্ত

গতকাল বিকেলে কালবৈশাখী ঝড়ে কিশোরগঞ্জ উপজেলায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ও শতাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা জানান,  উপজেলার নয়টি ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে কিশোরগঞ্জ সদরের কামারপাড়ায় বাক্কু মিয়ার ঘরের ওপর গাছ ভেঙে পড়লে তাঁর দুই ছেলেমেয়ে আরশি (১৯) ও হূদয় (১৩) আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়। এ ছাড়া চাষিদের কলাবাগান, ভুট্টা ও মরিচের খেতের ২০ ভাগ বিনষ্ট হয়েছে।