দুই জেলায় বজ্রপাতে নিহত ৪
বজ্রপাতে গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুজন এবং গাইবান্ধায় একজন নিহত হয়েছেন৷ এর আগে শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আরেকজন প্রাণ হারান৷
পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, শিবগঞ্জে গতকাল সকালের দিকে ঝড়-বৃষ্টি হয়৷ এ সময় আমবাগানে আম কুড়ানোর সময় উপজেলার শ্যামপুর গ্রামের আনিসুর রহমান (৫৫) ও দুর্লভপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মনি (৩০) বজ্রপাতে প্রাণ হারান৷ এদিকে গতকাল সকাল ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের আমেনা বেগম (৩৫) বাড়ির উঠোনে বৃষ্টির মধ্যে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা পলুপাড়া গ্রামের বাবু মিয়া (২৯) ঘর থেকে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।