দুই জেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় গতকাল রোববার বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে উজ্জ্বল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো খবর:
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): উপজেলার সদর ইউনিয়নের বিরাইমপুর গ্রামের আবদুল মজিদের মেয়ে সুমি আক্তার (২০), তাঁর স্বামী শাকিল মিয়া (২৪) ও মজিদের ছেলে রাহী মিয়া (৭) বেলা দুইটার দিকে বুড়বুড়িয়া ছড়ায় গোসল করতে নামেন। এ সময় বজ্রপাতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। শাকিল ও সুমি ঢাকার তেজগাঁও এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে শাকিল শ্বশুরবাড়ি বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন। বেলা আড়াইটার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে তুরুপ মিয়া (৫৮) নিহত হয়েছেন।
থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে নিজের ঘরের বারান্দায় বসে দুপুরে গল্প করছিলেন সেলিনা বেগম (২৪), তাঁর মা লতিবুন বেগম (৫০), ভাই শামীম আহমদ (২২) ও তাঁর স্বামী হাফিজ আলী (৩০)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে সেলিনা নিহত ও অপর তিনজন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিকলী (কিশোরগঞ্জ): উপজেলার ভাটি বরাটিয়া উত্তরপাড়া গ্রামের লুক্কু মিয়ার ছেলে উজ্জ্বল গতকাল সিংপুর হাওরে মাছ ধরতে যান। পরে বেলা একটার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।