দুই জেলায় বন্যার অবনতি, কুড়িগ্রামে অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত আছে কুড়িগ্রামে। তবে কুড়িগ্রামের রৌমারীতে ডিসি সড়কের ১৫০ মিটার অংশ ভেঙে গেছে। বগুড়ার শেরপুরে ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলার ধুনটে সাড়ে তিন হাজার হেক্টরের ফসল পানিতে তলিয়ে গেছে। সিরাজগঞ্জের আড়াই শতাধিক গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির স্রোতে রৌমারী দাঁতভাঙা ঝাকুয়ার চরের কাছে ডিসি সড়কের ১৫০ মিটার ভেঙে গেছে। এতে দুটি ইউনিয়নের সঙ্গে রৌমারীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তিমারি বাজারের কাছে দুটি স্থানে ডিসি সড়কে ভাঙন দেখা দিয়েছে। সড়ক ধসে গেলে রৌমারীর সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সাত দিন থেকে চরাঞ্চলের মানুষ পানিবন্দী থাকায় দিনমজুর শ্রেণীর মানুষ কাজে যেতে না পেরে ভীষণ সমস্যায় পড়েছে।বগুড়া: যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুর্গত মানুষ বিভিন্ন সড়কে আশ্রয় নিলেও সেসব সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। যমুনার পানি গতকাল আরও সাত সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানির প্রবল চাপে গতকাল চন্দনবাইশার নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের পাশের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ওই বিদ্যালয়সহ চন্দনবাইশা বাজার ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে।শেরপুর (বগুড়া): উপজেলার খানপুর ও খামারকান্দি ইউনিয়নের ১৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার। কৃষকদের ভাষ্যমতে, প্রায় ৮০০ বিঘা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি ঢুকে প্রায় দেড় শ বিঘা মরিচ ও শীতকালীন সবজির খেত নষ্ট হয়ে গেছে। উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কার ও মহির উদ্দিন বলেন, বন্যার পানিতে গ্রামের ধানি জমি তলিয়ে যাওয়ায় চার শতাধিক দিনমজুর পরিবার কর্মহীন হয়ে পড়েছে।ধুনট (বগুড়া): বড়িয়া গ্রামের কৃষক মফিজ উদ্দিন বলেন, ‘অনেক কষ্ট করে তিন বিঘা জমিতে রোপা আমন ধান ও এক বিঘায় মরিচ চাষ করেছিলাম। অসময়ের বন্যায় এলাকার হাজার হাজার কৃষক তাঁদের ফসল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।’ চিকাশি ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘যমুনার পানি বেড়ে সারিয়াকান্দির বাঁধভাঙা পানিতে আমার এলাকার প্রতিটি গ্রামের বসতবাড়ি ও মাঠের রোপা আমন ধান তলিয়ে গেছে। বন্যাদুর্গত গ্রামের লোকজন বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় ১৩ হাজার কৃষকের সাড়ে তিন হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও মরিচের খেত তলিয়ে গেছে।সিরাজগঞ্জ: জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, তাড়াশ উপজেলার ২৫টি ইউনিয়নের আড়াই শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত আছে। জেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সারিয়াকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অভ্যন্তরীণ নদীগুলোতে প্রবল বেগে পানি ঢোকা অব্যাহত রয়েছে। এর ফলে কাজীপুর উপজেলার সড়ক ও জনপথ বিভাগের কাজীপুর-ধুনট সড়কের ইছামতী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, জেলার ৩৫টি বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। ১৬ হাজার ৫০০ হেক্টর জমির ফসল পানির নিচে রয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ১৪৮ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।