দুই জেলায় বিএনপি জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৬৬
মেহেরপুর ও সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতভর দুই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মেহেরপুরে গ্রেপ্তার হওয়া বিএনপি-জামায়াতের ৩৩ নেতা-কর্মীকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, শুক্রবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় সদর উপজেলা থেকে ১৩ জন, গাংনী উপজেলা থেকে ১৫ ও মুজিবনগর উপজেলা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, নাশকতা সৃষ্টি ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে মামলা রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জনই বিএনপির নেতা-কর্মী। কোনো অভিযোগ ছাড়াই হয়রানির উদ্দেশ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নাজমুল হুদাও রয়েছেন।