যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহযোগিতায় পটুয়াখালী ও বরগুনায় চলমান কয়েকটি প্রকল্প গতকাল বুধবার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বর্তমানে তিনি দক্ষিণাঞ্চলে পাঁচ দিনের এক সফরে রয়েছেন।
সফরের তৃতীয় দিনে গতকাল সকালে ড্যান মজীনা পটুয়াখালী সদর উপজেলার চর হকতুল্লাহ গ্রামে যান। এ সময় এই গ্রামে সিপ্রং প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মজীনার সঙ্গে ইউএসএআইডির মিশন পরিচালক জেনিনা জারুজেলস্কি ও কৃষি কর্মকর্তা এন্ডুরিড ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসন এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। পরে মজীনা বরগুনার আমতলী উপজেলার ঘটখালী ও চলাভাঙ্গা গ্রামের মৎস্য ও সবজি খামার পরিদর্শন করেন।
প্রতিবাদে মানববন্ধন: মজীনা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, এমন অভিযোগ তুলে তাঁর সফরের প্রতিবাদ জানিয়েছেন নাগরিক সমাজের ব্যানারে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের বরিশাল শাখার নেতা-কর্মীরা। গতকাল বিকেল চারটায় অশ্বিনী কুমার হল চত্বরে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক নেতা সৈয়দ আনিসের সভাপতিত্বে মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি ছাড়াও অধ্যক্ষ মোজামেঞ্চল হক, ওয়ার্কার্স পার্টির নজরুল হক প্রমুখ বক্তব্য দেন।