দুই জেলায় শিশু ও গৃহপরিচারিকা ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় রোববার এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে শনিবার একদল দুর্বৃত্ত এক গৃহপরিচারিকাকে গণধর্ষণ করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:ঝিনাইদহ: শৈলকুপার আউশিয়া গ্রামে এক শিশু (সাত) ধর্ষণের শিকার হয়েছে। রোববার বিকেলে একই গ্রামের সিদ্দিক মণ্ডল (৪৫) ওই শিশুকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেখান থেকে এলাকাবাসী ওই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সিদ্দিক মণ্ডল পলাতক রয়েছে। শৈলকুপা থানার উপপরিদর্শক শহীদুল্লাহ জানান, থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহপরিচারিকা (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার উপজেলার বগাবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। কিছুদিন আগে চাটখিল শহরের এক বাসিন্দা তাঁর বাসার কাজের জন্য ওই গৃহপরিচারিকাকে চাঁদপুর থেকে নিয়ে আসেন। শনিবার বিকেলে সে বাসার কাউকে না বলে বেরিয়ে যায়। সন্ধ্যায় সোনাইমুড়ীর নদনা এলাকায় এলে বগাবাড়িয়া এলাকার রিকশা চালক তারেক, স্বপন ও বাবুল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় তোলে। কিছুদূর যাওয়ার পর তারা ওই মেয়েকে একটি মাঠে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওই গৃহপরিচারিকাকে পুলিশ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে।