দুই জেলায় শিশুসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত রোববার চাচা জসিম উদ্দিনের (৪০) দায়ের কোপে ভাতিজা জীবন মিয়া (২) খুন হয়েছে। একই দিন সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফজল মিয়া (৪৫) নামে এক কৃষক ও গতকাল সোমবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় নুরুল আমিন (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কটিয়াদী: উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামে রোববার সকালে জসিম ধারালো দা দিয়ে ভাতিজা জীবনকে কোপায়। এ সময় জীবনের দাদি দৌড়ে এসে জসিমকে বাধা দেন। জসিম তাঁর ফুফুকেও (জীবনের দাদি) দা দিয়ে আঘাত করেন। এলাকাবাসী জীবনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে এলাকাবাসী জসিমকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে জীবনের বাবা হারিছ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, জীবনকে হত্যার ব্যাপারে গতকাল কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে জসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের নুরুলের কাছে একই গ্রামের আবদুল মুমিন দুই হাজার টাকা পেতেন। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। গতকাল সকালে নুরুলকে পেয়ে আবারও টাকা চান মুমিন। এ নিয়ে দুজনের মধ্যে পুনরায় বাগিবতণ্ডার একপর্যায়ে মুমিন সুলফি দিয়ে নুরুলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাঈদ বলেন, নুরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে মুমিন পলাতক।দিরাই: উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে রোববার বিকেলে বীজতলা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ফজল খুন হন। ফজলের ছেলে রুকন মিয়া বলেন, তাঁর বাবার সঙ্গে চাচাতো কাকা সজলু মিয়ার বীজতলা নিয়ে বিরোধ ছিল। রোববার তাঁর বাবা ওই বীজতলায় গেলে সজলু ও তাঁর সহযোগীরা হামলা চালালে ফজল ঘটনাস্থলে মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আবছার খান বলেন, ফজলুর লাশ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।