দুই জেলায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলায় ইছামতী নদীর চর থেকে গতকাল মঙ্গলবার একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে সিরাজগঞ্জের সদর উপজেলায় যমুনা নদীর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় আরেক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকুরি গ্রামের কাছের একটি চরে ভুট্টার খেতে গতকাল সকালে একটি শিশুর গলিত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, কয়েক দিন আগে শিশুটিকে হত্যা করে ভুট্টাখেতে লাশ ফেলে রাখা হয়েছে।
ধুনট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মেয়েশিশুটির আনুমানিক বয়স আট বছর। তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু সেতু এলাকার একটি ডোবা থেকে গতকাল দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক জানান, নিহত ব্যক্তির শরীরে পচন ধরেছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হত্যা করে ডোবার মধ্যে ফেলে রাখা হয়েছে। তাঁর পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।