দুই জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত শুক্রবার দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
বেলকুচি থানার ওসি আবদুল হাই ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে মালবোঝাই একটি ট্রাক বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের কাছে পৌঁছালে ট্রাকটির চাকা ফেটে যায়। ট্রাকের সহকারী চাকাটি খুলতে জগ (গাড়ি ওপরের তোলার যন্ত্র) লাগিয়ে ট্রাকটি উঁচু করার সময় হঠাৎ জগটি সরে যায়। এতে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই সহকারী (৩০) নিহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় বেলকুচির চালা নামক এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে আবদুল হান্নান (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। হান্নান উপজেলার চালা গ্রামের জলিলের ছেলে।
শিবগঞ্জের চাঁদপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই গ্রামের শামীম আহমেদ (২৮) ও হুদাবালা গ্রামের আবদুস সালাম (২৫) গুজিয়া বন্দরে কাপড়ের ব্যবসা করেন। গত শুক্রবার রাতে তাঁরা দোকান বন্ধ করে একসঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে বগুড়া-জয়পুরহাট সড়কের উপজেলার গণেশপুর এলাকায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাঁরা দুজন নিহত হন।