দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। একই দিন নওগাঁর সাপাহারে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে তিনটি গরু নিয়ে গরু ব্যবসায়ীরা একটি ভটভটি করে আক্কেলপুর থেকে জয়পুরহাট সদরের নতুন হাটে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার পাকারমাথা এলাকায় ভটভটিটি উল্টে যায়। এ সময় গরু ব্যবসায়ী সদর উপজেলার ধারকী গ্রামের খোরশেদ আলম (৩৫) গুরুতর আহত হন। পরে তাঁকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এদিকে একই সময়ে সদর উপজেলার বেলতলী মোড়ে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছাইদুর রহমান (৫০) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার চাঁদপুর গ্রামে।
সাপাহার থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর আদিবাসী পাড়ার প্রায় ৫০ জন আদিবাসী নারী-পুরুষ একটি ভটভটিতে করে বিয়ের কনে দেখার জন্য পাশের গোয়ালা গ্রামে যাচ্ছিলেন। পথে টেট্টাপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এ সময় ভটভটির সামনে থাকা যাত্রী গেন্দা সরেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া গণেশ, বাসু টুডু, বাসন্তী, মন্টু, মুক্তা, সনাতন, সরুজ, শেফালীসহ ১৩ জন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করান। গেন্দা সরেন লক্ষ্মীপুর আদিবাসী পাড়ার রামদাস সরেনের ছেলে বলে জানা গেছে।