দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সরদার (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জে সদরে এক ব্যবসায়ী ও কাশিয়ানী উপজেলায় এক শিশু নিহত হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আশাশুনি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান উপজেলার রাজাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে।
তিনি গতকাল বিকেলে মোটরসাইকেলে আশাশুনি সদর থেকে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে মিজানুর উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, উপজেলার রাতৈল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে রেনু বেগম (১৪) গতকাল সকালে বরাসুর থেকে রিকশাভ্যানে বাড়িতে ফিরছিল।
বেলা সাড়ে ১১টার দিকে সে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চাপতা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান রিকশাভ্যানকে ধাক্কা দেয়।
এতে রেনু রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করেছে।
গোপালগঞ্জ সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাটের মোল্লারহাটের সোনাপুর গ্রামের আবদুল বারিক মোল্লার ছেলে মো. হেলালউদ্দীন মোল্লা (৩৮) গোপালগঞ্জে থাকেন। গতকাল তিনি অসুস্থ চাচিকে দেখতে মোটরসাইকেলে করে সোনাপুর আসেন।
ফেরার পথে বেলা দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া এলাকায় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন বলেন, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।