দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া গতকাল বুধবার পঞ্চগড়ের সদর উপজেলায় আক্তারুল ইসলাম (৩৬) নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নাবিল-খালেক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। পথে রাত পৌনে ১০টার দিকে সলঙ্গার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ-২ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী নওঁগার আত্রাই সদরের সাদিয়া আক্তার (৫) ও রাজশাহীর পুটিয়ার জগদীশপুর গ্রামের মাহমুদুল হাসান (১৮) মারা যান। পরে সিরাজগঞ্জ জেলা সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের মিলন রহমানের (২৮) মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। রাতেই সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পঞ্চগড়ের সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার জগদল থেকে একটি নছিমন তেঁতুলিয়া যাচ্ছিল। পথে সদর উপজেলার ঠুটাপাকুড়ি এলাকায় একটি মাইক্রোবাস ওই নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনের যাত্রীরা রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত ব্যক্তিদের পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ঠুটাপাকুড়ি গ্রামের ঈমান আলীর ছেলে ব্যবসায়ী আক্তারুল ইসলাম (৩৬) মারা যান।
একই গ্রামের কুরবান আলীর ছেলে জমির উদ্দিনকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নছিমনের চালক কামাল হোসেনকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।