দুই জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত
ফরিদপুরে গতকাল বুধবার দুটি বাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন। গতকাল বুধবার বেলা তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
একই দিন গোপালগঞ্জে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি মিনিবাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে টেকেরহাটগামী বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ফরিদপুর সদরের কাফুরা এলাকার করুন দত্ত (৪৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর এলাকার হাবিব শেখ (৫০), ফরিদপুরের সালথার সীমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত বিলকিস বেগম (৩২) নামের এক নারী গতকাল সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গার তুজারপুরে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম জানান, এ দুর্ঘটনায় নিহত ৪৫ বছর বয়সী এক নারী ও দুই বছর বয়সী এক শিশুর পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত ৬৫ জনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার লিয়াকত হোসেন জানান, একটি নসিমনকে যাওয়ার পথ করে দিতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী প্রথম আলোকে বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এরাদুল হককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের পুলিশ লাইনস মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় টিপু কাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু কাজী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের জগারচর গ্রামের সৈয়দ কাজীর ছেলে।