দুই জেলায় সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা ও অপহরণের চেষ্টার দায়ে বগুড়া ও মাদারীপুরে গত দুই দিনে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির তিন শিশুকে (ছাত্রী) অপহরণের চেষ্টার দায়ে পারভীন (৩৫) নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এর বিচারক জেব-উন-নেছা গতকাল বুধবার এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১২ জুলাই পারভীন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির তিন শিক্ষার্থীকে ফুসলিয়ে স্কুল থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্কুলের প্রহরী বিষয়টি দেখে ফেললে পারভীনকে আটক করা হয়।এদিকে বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র জহুরুল ইসলাম (১৪) হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কাজী শাহীনা নিগার গতকাল এ রায় দেন। সাজা পাওয়া আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া দক্ষিণপাড়ার শাকিল (২০) ও রুবেল (২০)। গাবতলীতে আরেকজনের যাবজ্জীবনবগুড়ার গাবতলী উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের শামীম মণ্ডল (১৪) নামের এক কিশোরকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কাজী শাহীনা নিগার গত মঙ্গলবার এ রায় দেন।সাজা পাওয়া আসামি সম্রাট মণ্ডল বাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা। মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। মাদারীপুরে তিনজনের যাবজ্জীবনআমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, মাত্র ৪০ হাজার টাকার জন্য অপহরণের পর হত্যার দায়ে মাদারীপুরের কালকিনি উপজেলার দর্শনা গ্রামের প্রকাশ দেকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাউর রহমান গতকাল এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশ দেকে (৩০) হত্যার পর একটি ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন একই এলাকার সমীর রায় (৩৭), পরিতোষ বালা (৩৮) ও অমল বালা (৪০)।