দুই জেলায় সড়ক দুর্ঘটনা দুই শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন৷ এ ছাড়া, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গত বৃহস্পতিবার মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মানিকগঞ্জ সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পদ্মালাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে পুনরায় পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। সকাল ১০টার দিকে সদর উপজেলার মুলজান এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকসহ ৩২ জন আহত হন৷ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় ঘিওর উপজেলার নার্চি গ্রামের বাসিন্দা বাসচালক রনি মিয়া (৩০) ও বাসযাত্রী একই উপজেলার নয়ারচর গ্রামের মিন্টু মোল্লাকে (৪২) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৩০ জন যাত্রীর মধ্যে ২২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বাসটি উদ্ধার করে জেলা পুলিশ লাইনে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এদিকে, শ্রীনগর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রী বোঝাই করে একটি মাইক্রোবাস দোহার যাচ্ছিল। রাত আটটার দিকে শ্রীনগরের জাহানাবাদ এলাকায় মাইক্রোবাসটি বিপরীতগামী একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী শাহাদাৎ হোসেন (২৭), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২২) এবং তাঁদের দুই সন্তান ফারুক হোসেন (২) ও আবু বকরকে (৬ মাস) গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফারুক ও আবু বকর মারা যায়। বর্তমানে শাহাদাৎ ও সোনিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।