দুই জেলায় সড়ক দুর্ঘটনা নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদরে সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার একজন নিহত হয়েছেন। একই দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওয়ার টিলারের মালিক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছার বিরাহীম গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ভুল্লি বেগম (২৭) চিকিৎসার জন্য বাড়ি থেকে বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সদরের বকসীর পুল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভুল্লি বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ভুল্লির সঙ্গে থাকা তাঁর চার বছরের ছেলে অনিক গুরুতর আহত হয়। অনিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে বিকেলে পীরগঞ্জ পৌর শহরের বথপালিগাঁও এলাকায় মিনিবাস ও পাওয়ার টিলারের সংঘর্ষে রুবেল (২৪) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রুবেল ওই পাওয়ার টিলারের মালিক। তিনি উপজেলার বড় গড়গাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে।
দুর্ঘটনার সময় খাদেমুল নামের এক ব্যক্তি পাওয়ার টিলারটি চালাচ্ছিলেন। এতে খাদেমুল ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।