দুই জেলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরায় গড়াই সেতুর ঢালে গতকাল দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। দুর্ঘটনাকবলিত একটি বাস l ছবি: প্রথম আলো
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরায় গড়াই সেতুর ঢালে গতকাল দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। দুর্ঘটনাকবলিত একটি বাস l ছবি: প্রথম আলো

মাগুরা জেলার সীমান্তে গড়াই সেতুর ঢালে ভেন্নাকান্দি এলাকায় গতকাল রোববার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। একই দিনে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নে বাসের নিচে চাপা পড়ে রমজান শেখ (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মাগুরা সদর থানা-পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গড়াই সেতুর ঢালে দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীর ভেন্নাকান্দি এলাকায় বাসটি ঢাকা থেকে মেহেরপুরগামী সেতুতে ওঠার সময় এবং খুলনা থেকে ফরিদপুরগামী আরেকটি বাস নামার সময় ওই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পরিবহন দুটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে সড়কের ওপর আছড়ে পড়ে।
আহত ৩০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মাগুরার শ্রীপুরের রামনগর গ্রামের মো. মিলন (৩৮) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে অস্ত্রোপচারের সময় মারা যান। আর বিকেলে চুয়াডাঙ্গার রবিউল ইসলাম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া সাতজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার ফলে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পরে বাস দুটিকে রাস্তার মাঝখান থেকে সরানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমজান শেখ (২২) একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজে আসছিলেন। এ সময় মাহমুদপুরে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রমজান বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দোলারডাঙ্গি গ্রামের শেখ ইসাহাকের ছেলে। মাহমুদপুর এলাকায় অবস্থিত গ্রাসরুট কলেজের টেক্সটাইল বিভাগের ছাত্র ছিলেন তিনি। দুর্ঘটনার ফলে মহাসড়কে দুই দফা যানজটের সৃষ্টি হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে ওই কলেজের শিক্ষার্থীরা রাস্তার ওপর বসে অবরোধ শুরু করেন। তাঁরা কলেজের সামনে দুটি গতিরোধক নির্মাণের দাবি জানান। এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।