দুই জেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান করিমন উল্টে গতকাল রোববার একজন নিহত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার বাসের ধাক্কায় নসিমনের চালক নিহত হন। গতকাল বেলা ১০টায় চুয়াডাঙ্গায় আসার সময় সদর উপজেলার বোয়ালমারী গ্রামে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে একটি করিমন রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে করিমনের যাত্রী জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মুনসুর আলী (৬৫) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মঠবাড়িয়ার নাজিরবাড়ী এলাকায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক নূরুল ইসলাম (৪৫) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান। তিনি মঠবাড়িয়া পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মন্নাফ আলীর ছেলে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু যাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।