দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুরকায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় বাসের যাত্রী নীলফামারীর ধোপাডাঙ্গা গ্রামের শহীদুল ইসলাম (২৭), লালমনিরহাটের সাপটানা গ্রামের সবুজ আলী (২৫) ও পাটগ্রামের ইতি খাতুন (১১) ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই দিনমজুর। দুর্ঘটনায় দুটি গাড়ি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৭ জন বাসযাত্রী গুরুতর আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হামিদা খাতুন (৪০ দিন) ও আলমগীর (৩০) মারা যান। তাঁদের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের ফুলতলায় শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আবদুল মালেককে (১৯) ধাক্কা দিলে তিনি আহত হন। তিনি রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মালেক সদর উপজেলার হরিবল্লব গ্রামের নজরুল ইসলামের ছেলে।