দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রসহ নিহত ৭
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল বুধবার বাসচাপায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। জেলার ঘাটাইল উপজেলায় গত মঙ্গলবার ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হন। একই দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই প্রাণ হারিয়েছেন।
মির্জাপুরে নিহতরা হলো উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্ণী জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. রোকন, সোহেল ও সেলিম। সেলিমের বাড়ি জেলার ধনবাড়িতে। রোকন কুর্ণী গ্রামের নজরুল ইসলামের ছেলে। সোহেল মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের শফি উদ্দিনের ছেলে। ঘাটাইলে মধুপুরের প্রাণ হারান লাউফুলা গ্রামের রাতুল (১০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৈয়ারচালা গ্রাম মোতালেব (৩৫)। নবীগঞ্জে নিহতেরা হলেন বানিয়াচংয়ের কালাইনজুরা গ্রামের রঙ্গু মিয়া (২৭) ও তাঁর ছোট ভাই আব্দুর রহমান (২৪)।
মির্জাপুর (টাঙ্গাইল): গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে ওই তিনজন টাঙ্গাইল যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম জানান, এরা সবাই স্কুল ছাত্র। সেলিম কুর্ণীতে বেড়াতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই লাশ তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছে।
ঘাটাইল (টাঙ্গাইল): প্রত্যক্ষদর্শী ও ঘাটাইল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইল থেকে মধুপুর যাচ্ছিল। পথে ঘাটাইলের গুণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে রাতুল ও মোতালেব ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় নিহত রাতুলের ভাই রোকন (৬), নানি আয়েশা খাতুন (৫৫), আটোরিকশাচালক হায়দার আলী (৩৮) ও ফুলবাড়িয়ার স্বদেশপুর গ্রামের মিজানুর রহমান (৪০) গুরুতর আহত হন। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রঙ্গু নিজের জন্য পাত্রী দেখতে গত মঙ্গলবার পাশের নবীগঞ্জের জামারগাঁও যান। ফেরার পথে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নর্থপ্যাড এলাকায় তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই ভাই রঙ্গু ও আব্দুর রহমান গুরুতর আহত হন। সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।