দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস খাদে পড়ে এর দুজন যাত্রী নিহত এবং আহত হয়েছেন আটজন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বেলা দুইটায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বাবলু পরিবহনের একটি বাস গতকাল ভোরে মির্জাপুরের জামুর্কী এলাকায় পৌঁছে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে রুনা আক্তার (৯) ও পঞ্চগড়ের হাড়িবাসা গ্রামের আবদুল মজিদ (৬৫) মারা যান। আহত হন আটজন। তাঁদের মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাবুদ্দিন জানান, বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের যাত্রী পুলিশ সদস্য মোশারফ মারা যান। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প পুলিশে চাকরি করতেন। তাঁর পুরো পরিচয় পাওয়া যায়নি। উভয় যানের চালকেরা পলাতক রয়েছেন।