দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় রিকশাভ্যানের চালকসহ দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। একই দিন দিনাজপুরের চিরিরবন্দরে একজন নিহত হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও তারাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তারাগঞ্জের ঘনিরামপুর এলাকায় একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক সৈয়দপুরের পলিপাড়া গ্রামের মঈনুলের ছেলে ইব্রাহিম মিয়া (২০) ও ভ্যানের যাত্রী তারাগঞ্জের কুঠিপাড়া গ্রামের মোক্তারুলের মেয়ে কল্পনা খাতুন (১২) ঘটনাস্থলে নিহত হয়। এ ছাড়া এতে কুঠিপাড়া গ্রামের আজিজার রহমান (৩২), হোসেন মিয়া (২২), আজমিরা খাতুনসহ (৩২) পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দরের চম্পাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল বাশার বলেন, গতকাল ভোরে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরে ভূষিরবন্দরের অদূরে আত্রাই নদের সেতুর পাশে রতন কুমার নামের (৩২) নামের এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশ দেখে মনে হচ্ছে, রতন কুমার যানবাহনের নিচে পিষ্ট হয়ে মারা গেছেন। রতন দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি হরিজন কলোনির বাসিন্দা।