দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিরাজগঞ্জের সদর উপজেলায় গতকাল বুধবার ট্রাকের চাপায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। একই দিন নীলফামারীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।সিরাজগঞ্জ-সদানন্দপুর (কড্ডারমোড়) সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার বিড়ালাকুঠি এলাকায় গতকাল একটি ট্রাক দুটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশা দুটির যাত্রী রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র সিদ্রাতুল ইসলামসহ (২২) তিনজন ও একজন রিকশার চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিদ্রাতুলকে মৃত ঘোষণা করেন। তিনি বিড়ালাকুঠি মহল্লার জাহাঙ্গীর আলীর ছেলে। বাকি তিনজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন শহরের রামগাতী মহল্লার মহেলা বেগম (৪৫), নতুন ভাঙ্গাবাড়ি গ্রামের ছরোয়ার্দী (৩৭) ও রিকশাচালক আল আমিন (২৮)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকার মোহামঞ্চদ আলী (৫০) ও উলটপাড়া গ্রামের মন্টু রায় (৪২) গতকাল দুপুরে সংগলসী ইউনিয়নের কাচারি এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাবুরহাট সড়কের বাদিয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রলির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তাঁরা নিহত হন।সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহামঞ্চদ আলী ও মন্টু রায়ের লাশ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।