দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার পায়ব গ্রামের সেতুর পাশে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল বাসের চাপায় এক ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার কাচারকান্দি গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে মো. রুবেল (৩৫), তাঁর ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তাঁর স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আবদুল মান্নান (৬৫) এবং ত্রিশাল উপজেলার গুজিয়াম কাঁঠালবন্ধ গ্রামের পল্লিচিকিৎসক নুরুল ইসলাম (৫৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে মুরাদনগর উপজেলার পান্নারপুল থেকে আসা একটি ট্রাক মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব এলাকায় এলে পাঁচপুকুরিয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান। আহতাবস্থায় অটোরিকশার চালক রুবেলকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সোহাগ, হিমেল, নাছিমা ও মান্নানকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রুবেল, নাছিমা, মান্নান ও সোহাগ মিয়া মারা যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে নুরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাসী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।