দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
বগুড়ার শেরপুরে গতকাল সোমবার যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আরিফুল ইসলাম (২০)। তাঁর বাড়ি উপজেলার সাধুবাড়ী গ্রামে। এর আগে রোববার নওগাঁর ধামইরহাটে বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (১০) নামে একটি শিশু মারা গেছে। সে একই উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের ছোনকা এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে মহাসড়কের পশ্চিম পাশে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই বাসটি বগুড়া থেকে নগরবাড়ী যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ধামইরহাট উপজেলার শল্পী বাজার থেকে বালুভর্তি ট্রলিতে করে নানার বাড়ি রূপনারায়ণপুর গ্রামে যাচ্ছিল। পথে নানার বাড়ির সামনে পৌঁছামাত্র সে চলন্ত ট্রলি থেকে নামতে গিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ওই ট্রলির চাকায় পিষ্ট হয় সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। রবিউল দুর্গাপুর এলাকার একটি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।