দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শ্রীমঙ্গলে নিহত ব্যক্তির নাম সাব্বির আহমদ (২৭)। তিনি পেশায় ব্যবসায়ী। তাড়াইলের নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)।
নিহত ব্যক্তির পরিবার ও তাড়াইল থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে করিমগঞ্জের টামনি নয়াপাড়া গ্রামের নুরুল বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তাড়াইলের তালজাঙ্গা-বাঁশাটি মোড়ে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাতেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে সোমবার রাতে সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গলের বিরাইমপুরের সাব্বির মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পৌর এলাকার কবরস্থানের কাছে তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। পৌর এলাকার মৌলভীবাজার সড়কে সাব্বিরের একটি রড-সিমেন্টের দোকান রয়েছে।