দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ফরিদপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের চণ্ডীবর্দি সেতুর কাছে ঢাকা থেকে গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস প্রশান্ত বিশ্বাস (৩৮) নামের এক ভ্যানচালক ভ্যানচালককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার বহুগ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক তরিকুল শেখকে আটক ও বাসটি জব্দ করেছে।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একই সড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকাগামী একটি ট্রাক অমূল্য চন্দ্র সরকার (৭৫) নামের এক বৃদ্ধকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অমূল্য সরকার ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের কিশোরী গ্রামের বাসিন্দা ছিলেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।