দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সাঁথিয়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেড়া-মাধবপুর সড়কের কোনাবাড়িয়া এলাকায় একটি সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সেটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। যানবাহন চলাচলের জন্য পাশে বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নজরুল ইসলাম মোটরসাইকেলে করে যাওয়ার সময় ভুল করে ভাঙা সেতুটির ওপর উঠে পড়েন। এ সময় মোটরসাইকেলসহ নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নজরুল একমি ল্যাবরেটরিজের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, শুক্রবার বিকেলে উপজেলার বিরাহিমপুর গ্রামের কাওছার হোসেন ও তাঁর বন্ধু জাকিরুল বাইসাইকেলে করে উপজেলা শহরে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতা এলাকায় একটি ট্রাক তাঁদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে কাওছার মারা যান।