দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার কালিকাপুর গ্রামে গত শনিবার মোটরসাইকেলের চাপায় আব্দুস সালাম (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল রোববার গাইবান্ধার সাঘাটায় ট্রেনের সঙ্গে ভটভটির সংর্ঘষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।
সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে তারাবির নামাজ শেষে নাছিয়ারকান্দি গ্রামের সালাম কালিকাপুর মসজিদের সামনের রাস্তায় বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলচালক রবিউল গুরুতর আহত হন। তাঁদের রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে সালামের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিলদহর গ্রামের রবিউল ইসলামকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে সান্তাহার-লালমনিরহাট রেলরুটের সাঘাটার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে কলেজ রেলগেট এলাকায় দুপুরে চলন্ত ট্রেনের সঙ্গে ভটভটির সংর্ঘষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঘাটার বোনারপাড়া রেলস্টেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, বোনারপাড়া থেকে রাঘবপুরগামী একটি যাত্রীবাহী ভটভটি বেলা পৌনে একটার দিকে কলেজ রেলগেট এলাকায় সড়ক পার হচ্ছিল। এ সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২৪ ডাউন লোকাল ট্রেনের সঙ্গে ভটভটির সংর্ঘষ হয়। এতে ভটভটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ভটভটি যাত্রী নিহত ও চারজন আহত হন। ভটভটিটি জব্ধ করা হলেও চালক পলাতক রয়েছেন।