দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ট্যাংকলরির ধাক্কায় সুমন মিয়া (২৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই দিন রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালটি বেইলি সেতুতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এটির আরোহী সিঙ্গাপুরপ্রবাসী সাইদুল (২৫) প্রাণ হারান। আহত হন যানটির অপর দুই আরোহী ফয়সাল ও মাহবুব।
পুলিশ জানায়, শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন সুমন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই সুমন মারা যান। সুমনের বাড়ি নেত্রকোনা সদরের দাড়িয়া গ্রামে।
এদিকে সিরাজদিখানের বালুচর ইউনিয়নের গিয়াসউদ্দিনের ছেলে সাইদুল সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। মঙ্গলবার রাতে সাইদুল দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজদিখানে বাজারের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেলটি কাকালটি বেইলি সেতুর ওপরে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাঁদেরকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাইদুল মারা যান।