দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের চাপায় আবদুল মালেক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী নাসির মিয়া (৩০)।
নারায়ণগঞ্জে নিহত আবদুল মালেক (৭০) বন্দর উপজেলার বাউল শিল্পী আলেক দেওয়ানের ছোট ভাই।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার পদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল মালেককে চাপা দিয়ে চালক তাঁর মোটরসাইকেলটি রেখে পালিয়ে যান। গুরুতর জখম আবদুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।
গাজীপুরে নিহত নাসির মিয়া (৩০) কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাঁধা এলাকার বাসিন্দা। আমবাগ এলাকায় তাঁর রড-সিমেন্টের দোকান রয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে তিনি কোনাবাড়ী থেকে আমবাগ এলাকায় তাঁর দোকানে যাচ্ছিলেন। পথে এমএম নিটওয়্যার কারখানার সামনে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে।