দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিথলী গ্রামের মাঠে গত সোমবার ট্রাকের চাপায় টিটোন হোসেন নামে এক তরুণ নিহত হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী মো. শাহআলম সরকার নিহত হন। সোমবার সকালে শিথলী গ্রামের মাঠ থেকে মাটি নিয়ে স্থানীয় একটি ইটভাটায় যাচ্ছিল একটি ট্রাক। এ সময় ওই ট্রাকের চাপায় একই গ্রামের শাহাবুল হোসেনের ছেলে টিটোন (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মামলা করা হয়েছে। সোমবার রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর ফেরিঘাটে ওঠার সময় একটি ট্রাক হেলে পড়ে। এতে ট্রাক ও ফেরির রেলিংয়ের মাঝখানে চাপা পড়ে শাহ আলম নিহত হন। তিনি বগুড়ার শেরপুরের শমাইল গ্রামের মনতাজ উদ্দিন সরকারের ছেলে। পুলিশ দুর্ঘটনার তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে শাহ আলমের লাশ উদ্ধার করে। পুলিশ ট্রাকের চালক মো. মজিবর রহমানকে আটক করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে।