দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল সোমবার সকালে ট্রাকের চাপায় ব্যবসায়ী শাহজাহান বেপারী (৫৫) প্রাণ হারিয়েছেন। একই দিনে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে রহিমন বেগম (৫৪) নামের এক নারী মারা গেছেন।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গতকাল সকালে ফরিদপুর থেকে পটুয়াখালী যাওয়ার পথে গৌরনদী উপজেলার টরকী নিলখোলা এলাকায় মালবাহী একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি উল্টে যায়। এ সময় ট্রাকটি পথচারী শাহজাহান বেপারী ও হাফিজুর রহমানকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান। তিনি টরকী বন্দরের ব্যবসায়ী ও জাকের পার্টির গৌরনদী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। কলারোয়া থানার ওসি সিকদার আক্কাস আলী জানান, গতকাল সকাল ১০টার দিকে মেয়ের বাড়ি উপজেলার কাজীরহাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন রহিমন বেগম। পথে হেলাতলা এলাকায় দ্রুতগামী ওই ইঞ্জিনভ্যান থেকে তিনি রাস্তায় পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রহিমন বেগম উপজেলার পাইকপাড়া গ্রামের আহমঞ্চদ আলীর স্ত্রী। এ ঘটনায় গতকাল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।