দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছরিপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় গত সোমবার দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ১০ যাত্রী আহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ফুলছরিপাড়া গ্রামের বুদ্দুর মোড় এলাকায় সোমবার বিকেলে একটি ট্রাক্টর উল্টে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাক্টরের মালিক ও চালক আশরাফুল ইসলাম (২৭), চালকের সহকারী সাদেক আলী (২২) ও ট্রাক্টরে থাকা অপর ব্যক্তি তফিজুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আশরাফুল ইসলাম ও সাদেক আলীর মৃত্যু হয়।
আশরাফুল ইসলাম ও সাদেক আলীর বাড়ি একই ইউনিয়নের ছাতনাই গ্রামো।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, গতকাল সকাল নয়টার দিকে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ উল্লাপাড়ার পাটধারীতে উল্টে যায়। এতে গাড়ির অন্তত ১০ জন যাত্রী আহত হন। কোচটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই দিকে আটকে পড়ে শত শত যানবাহন।
এ ব্যাপারে ওসি আবদুল কাদের জিলানী আরও বলেন, খবর পেয়ে রেকার দিয়ে কোচটিকে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে সরানোর পর যানবাহন চলাচল শুরু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।