দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও কুষ্টিয়ার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। কুষ্টিয়া মিরপুর উপজেলায় ভাঙা বটতলা এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

প্রথম আলোর হিসাব অনুযায়ী, আজ রোববার তিনজনসহ গত ৬৪০ দিনে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৬২৩ জন নিহত হয়েছেন।


সড়ক দুর্ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর: সকাল সাড়ে নয়টায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হন। প্রত্যক্ষদর্শী ও বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পাবনা থেকে যাত্রীবাহী আলিফ-লাম পরিবহনের একটি বাস নাটোরে আসছিল। বাসটি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ইউনুস আলী (৪০) ও অজ্ঞাত বাসযাত্রীর (৬০) মৃত্যু হয়। আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গুরুতর আহত পাঁচ যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের শিক্ষার্থী। তাঁরা বাসটিতে উঠে কলেজে আসছিলেন।

আহত যাত্রীদের মধ্যে শিল্পী খাতুন জানান, তাঁরা বিভিন্ন স্থান থেকে বাসে উঠে বনপাড়ায় কলেজে আসছিলেন। বাসে যাত্রী ঠাসা ছিল। তাই তাঁরা বাসের সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম শিকদার জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস-ট্রাক সরানো হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। বাসের চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়া: মিরপুর উপজেলায় ভাঙা বটতলা এলাকায় বাসের ধাক্কায় মাসুদুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া পূর্ব মজমপুর সাদ্দামবাজার এলাকার বাসিন্দা। আজ সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেলযোগে মাসুদুর মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদুর মারা যান। স্থানীয় লোকজন বাসটি আটকে রাখে। পরে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।