দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহী নগরে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় গতকাল বৃহস্পতিবার এক অটোরিকশাচালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার মুরুইল বাজারের কাছে বুধবার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু নেছার তালুকদার নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে নগরের শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মদইল গ্রামের অটোরিকশাচালক রমজান আলী (৪০) ও একই জেলার নিয়ামতপুর উপজেলার জালালউদ্দিন (৩৫)। আহত হয়েছেন সাংবাদিক রফিক আলম (৪০) ও তাঁর মেয়ে সুমাইয়া খাতুন (১২)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোদাচ্ছের আলী জানান, বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অটোরিকশাচালক রমজান আলী ও অটোরিকশার যাত্রী জালাল উদ্দিন মারা যান।সান্তাহার-বগুড়া মহাসড়কে বগুড়ার আদমদীঘি উপজেলার মুরুইল বাজারের কাছে বুধবার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু নেছার তালুকদার নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। আবু নেছারের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলা সদরে।