দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গতকাল শনিবার দুটি পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। একই দিনে বরগুনার আমতলী উপজেলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হাজেরা বিবি (৭০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় জানান, বাগেরহাট থেকে একটি বাস যাত্রী নিয়ে খুলনার সোনাডাঙ্গা যাওয়ার পথে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের কাটাখালী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়। বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, গতকাল দুপুরে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় বাসটি একটি গরুকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কালিকান্ত পাল (৪৮) নামের এক যাত্রী নিহত ও অন্তত পাঁচজন আহত হন। নিহত কালিকান্ত বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১০টার দিকে বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি বাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় আমতলী থেকে কলাপাড়াগামী একটি পিকআপ হাজেরা বিবিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি কড়ইবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।