দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাটের কচুয়া উপজেলায় গত বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাভ্যানে থাকা স্কুলছাত্রীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। একই দিনে যশোরের সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) ঋণ কর্মকর্তা সোহেলী আকতার (৩০) নিহত হন।
কচুয়ার ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মোটরচালিত রিকশাভ্যানের চালক আল আমিন এবং বি কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার। পুলিশ জানায়, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস কচুয়া উপজেলার বাঁধাল বাজার এলাকায় পেছন থেকে ওই রিকশাভ্যানকে ধাক্কা দেয়।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে যশোরের সদর উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেলী আকতার নিহত হন।
পুলিশ সূত্র জানায়, সোহেলী বাইসাইকেল চালিয়ে ছাতিয়ানতলা থেকে আরআরএফের বেজপাড়া কার্যালয়ে যাচ্ছিলেন।