বাগেরহাটে গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন এবং চুয়াডাঙ্গায় ট্রলি খাদে পড়ে আরও দুজন নিহত হয়েছেন। একই দিন যশোরে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর সড়কের শিবপুরে গতকাল সকালে ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ইলিয়াস শেখ (৩৮) নামের এক যাত্রী নিহত এবং ১৪ জন আহত হন।
তাঁদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।
চুয়াডাঙ্গা: গতকাল দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার ভুলটিয়ায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রলির চালক নাজিম উদ্দিন (৪০) ও জিয়াউর রহমান (৪৫) নিহত হন। গরু ও মহাজনদের নিয়ে ট্রলিটি চুয়াডাঙ্গা থেকে বদরগঞ্জ হাটে যাচ্ছিল।
দুর্ঘটনায় তেঁতুল আহমেদ (৩৮), রফিকুল ইসলাম (৩৫) ও আবদুর রহিম (৩২) নামের তিনজন আহত হন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, দুজনের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
যশোর: সদর উপজেলার রূপদিয়া এলাকায় রিংকু (৩০) নামের এক যুবকের ট্রেনে কাটা দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শার্শা উপজেলার নাভারন এলাকায় ট্রেনের ধাক্কায় জোবেদা খাতুন (৯০) নামের এক নারী নিহত হন।
সকালে রেললাইনের পাশে রিংকুর দ্বিখণ্ডিত লাশ দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে রেলওয়ে থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আর ট্রেনের ধাক্কায় আহত জোবেদাকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।