দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলায় ভ্যান থেকে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন।
রাজবাড়ীতে নিহত দুজন হলেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের নাছির উদ্দিন (৪২) ও রাজবাড়ী সদর উপজেলার নেকবার উদ্দিন সরদার (৩৮)।
একটি বাস গতকাল দুপুর ১২টায় সাইনবোর্ড এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় অপর একটি মোটরসাইকেলের আরোহীরা ধাওয়া করলে চালক বাসটি নিয়ে দ্রুত পালানোর সময় একটি রিকশাকে চাপা দেয় এবং দুটি ইজিবাইকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে রিকশাচালক নেকবার আহত হন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বসন্তপুর বাসস্ট্যান্ডের একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসযাত্রী নাছির উদ্দিনসহ ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে নাছির উদ্দিন পরে মারা যান। বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেকবার মারা যান।
গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় একটি ভ্যান থেকে পড়ে গিয়ে বিশ্বনাথ রায় (৬৫) নামের এক যাত্রী আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মারা যান।