দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার দুই ব্যক্তি নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। একই দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একজন নিহত হয়েছেন।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর থেকে একটি যাত্রীবাহী লেগুনা দিরাই উপজেলায় যাচ্ছিল। গতকাল দুপুর ১২টার দিকে লেগুনাটি হালুয়ারগাঁও এলাকায় পৌঁছায়। এ সময় সিলেট থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লেগুনাচালক মাসুম মিয়া (২৫) ও লেগুনার যাত্রী বাবুল মিয়া (২৫) নিহত হন। এতে আরও ১০ জন লেগুনাযাত্রী আহত হন।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সালাউদ্দিন কাজল জানান, চালকদের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
কলমাকান্দা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পুকুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো. নুরুজ্জামান (২৮) গতকাল বিকেলে মোটরসাইকেলে পাবই থেকে সিধলী যাচ্ছিলেন। তিনি বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পাবই এলাকার আশা রানী সেতুর কাছে পৌঁছান। এ সময় তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।