দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পটুয়াখালী শহরে থানাপাড়া এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে ভোলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হচ্ছে পটুয়াখালী শহরের থানাপাড়া এলাকার শুভ (৬) এবং ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও পূর্ব আশুলী গ্রামের বেদরকারী বাজার এলাকার সিয়াম (৬)। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে শহরের থানাপাড়া সড়ক পার হওয়ার সময় শুভকে একটি অটোরিকশা চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশার চালক ফরহাদ হোসেনকে (২৫) আটক করে।
এদিকে গতকাল সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ভোলার দৌলতখান উপজেলার আজিমুদ্দিন এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। এ দুর্ঘটনায় আরও ৩০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের ভোলা সদর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালমোহন থানার ওসি আকতারুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার বেদরকারী বাজার এলাকায় সিয়াম নামের শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিয়াম বাজারের অটোবাইকচালক রিপনের ছেলে।