দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন ভোলার লালমোহন উপজেলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নড়িয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে শরীয়তপুর-নড়িয়া সড়কের মশুরা এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আবদুল আজিজ (৫০) ও তাঁর নাতি মোক্তার হোসেন (৩) গুরুতর আহত হন। পরে মোক্তার হোসেন শরীয়তপুর সদর হাসপাতালে ও আবদুল আজিজ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তাঁরা মশুরা এলাকায় বেড়াতে এসেছিলেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, পরিবারের সদস্যরা তাঁদের লাশ মুন্সিগঞ্জে নিয়ে গেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও লালমোহন থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহনের আবুগঞ্জ বাজার এলাকায় গতকাল সকাল ১০টায় যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানের দোকানে উঠে যায়। এ সময় দোকানদার আবদুর রশিদ (৫১) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া তিনজন নারীসহ আটজন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখেন। বেলা তিনটায় প্রশাসনের হস্তক্ষেপে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।