দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে গতকাল বৃহস্পতিবার ট্রাক খাদে পড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দিন বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
নিহত নারীর নাম জীবন নেছা (৫৫)। তিনি কাহালুর শিকড় গ্রামের মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, আলুবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি কড্ডার মোড়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে এলে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা তিন ব্যবসায়ী আলুর বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল সদর হাসপাতালে পাঠায়। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন। লাশ দুটি ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের চালক পলাতক আছেন।
কাহালু থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কাহালুর মুরইল বাসস্ট্যান্ডের অদূরে গতকাল সকালে জীবন নেছা সড়ক পার হচ্ছিলেন। এ সময় নওগাঁগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন নেছা মারা যান।
এ ছাড়া একই সড়কের কাহালুর বিবিরপুকুর বাজারের কাছে দুই ট্রাকের সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা সবাই ব্যবসায়ী। তাঁরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
কাহালু থানার ওসি নূরে আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।