দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী ও বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে গত সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার সামনে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী নিহত হন। তিনি হলেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের সুনীল চক্রবর্তী (৬৫)। এ ছাড়া দুটি বাসের চালকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলগামী চাকলাদার পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম দেওয়ান বলেন, বাসযাত্রী সুনীল চক্রবর্তী দুর্ঘটনাস্থলেই মারা যান। তা ছাড়া, গুরুতর আহত যাত্রী উত্তম কর্মকার, লাবণী, বিনা বেগম, রুমান ও গফুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী। গতকাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মোংলা উপজেলার বিদ্যারবাওন গ্রামের ওসমান (৫৫) ও শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহাগ তালুকদার (৩৩)। আহত হয়েছেন মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের হায়দার আলী সরদার (৩৫)। সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল শেখ বলেন, সোহাগের ভাড়ায়চালিত মোটরসাইকেলে চড়ে ওসমান ও হায়দার খুলনার দিকে যাচ্ছিলেন। মোংলাগামী বালুবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই দুজন মারা যান। ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।