দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে নিহত হয়েছেন এক যাত্রী।
কালিয়াকৈরের বাইপাস এলাকায় গতকাল দুপুরে বাসের চাপায় নিহত দুজন হলেন উপজেলার নলুয়া এলাকার বিল্লাল হোসেন খান (৫৫) এবং তাঁর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভাতিজা মোবারক হোসেন খান (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিল্লাল ও মোবারক গতকাল দুপুর ১২টার দিকে বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি বাস তাঁদের চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গোড়াই হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় একটি পিকআপের চাপায় মলিনা খাতুন (৫০) নামের এক নারী নিহত হন। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তিনি এমসি বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বলেন, পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে ঢাকা-মদনগঞ্জ মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের ফরাজিকান্দা এলাকায় গতকাল সকাল ১০টার দিকে সামনের চাকা খুলে একটি অটোরিকশা পাশের খাদে পড়ে যায়। এতে বিপ্লব (২৪) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও পাঁচজন। তাঁদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিপ্লবের বাড়ি বন্দরের শুভকরদি এলাকায়। তিনি শহরের হৃদম প্লাজার কসমেটিকসের দোকানের বিক্রয়কর্মী ছিলেন। বিপ্লব অন্য যাত্রীদের সঙ্গে ওই অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উপজেলার ফরাজিকান্দা এলাকায় দুর্ঘটনার শিকার হন।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, বিপ্লবের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার চালককে আসামি করে মামলা হয়েছে।