দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কুমিল্লার দেবীদ্বার, বরুড়া ও ব্রাহ্মণপাড়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকায় গতকাল ট্রাক চাপায় মাহবুব হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি হাজীনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।দেবীদ্বার (কুমিল্লা): কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার ধিংলাবাড়ি এলাকায় গতকাল একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মুরাদনগর উপজেলার নবিয়াবাদ গ্রামের জামসেদ সরকার (৪০) নিহত এবং তাঁর স্ত্রী সালমা আক্তার (৩৫) ও পালিত কন্যা ফাতেমা আক্তার (১০) আহত হয়।বরুড়া (কুমিল্লা): বরুড়া পৌর এলাকার বরুড়া বাজারের বেবিট্যাক্সি স্টেশন এলাকায় গতকাল একটি ট্রাকের চাপায় মরিয়ম বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি দেওড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী।ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): কুমিল্লা-বাগড়া সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার বাগরা এলাকায় গতকাল একটি সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী কসবা উপজেলার শাহপুর গ্রামের কবির আহম্মদ (৫৫) নিহত হন।